২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালটা অনেক কিছুর জন্যই গুরুত্বপূর্ণ। ওই শিরোপার মাধ্যমেই রিয়াল মাদ্রিদ তাদের অবিশ্বাস্য হ্যাটট্রিক পূরণ করেছিল— চ্যাম্পিয়নস লিগ জয়ের হ্যাটট্রিক। সে ম্যাচের পরই নিশ্চিত হয়ে গিয়েছিল, ক্লাব ছাড়ছেন ক্লাবের সর্বকালের সর্বসেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো।
কিন্তু এত কিছুর পরও ২০১৮ চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা মানুষ মনে রেখেছে সের্হিও রামোস ও মোহাম্মদ সালাহর সেই কাহিনির জন্যই। কোন সেই কাহিনি? ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই মোহাম্মদ সালাহকে খুব বাজেভাবে চ্যালেঞ্জ করেছিলেন রামোস।
চোটগ্রস্ত সালাহ পরে সেই ম্যাচটা খেলতেই পারেননি। সালাহকে হারানোর প্রভাব লিভারপুলের খেলার ওপর পড়েছিল। করিম বেনজেমার এক গোল আর গ্যারেথ বেলের জোড়া গোলে লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল রিয়াল।সে ম্যাচের পরও ওই ঘটনার উত্তাপ কমেনি মোটেও। পরে বিভিন্ন সময়ে পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছিলেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ, স্ট্রাইকার রবার্তো ফিরমিনো, ডিফেন্ডার দেয়ান লভরেন, রামোস নিজেও।
তিন বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে মুখোমুখি হচ্ছেন সালাহ আর রামোস। সালাহ এখন আগের চেয়ে আরও বেশি পরিণত, আরও ভালো খেলোয়াড়। ওদিকে রামোসের খেলার মানও পড়েনি মোটেও। দুজন যখন মাঠে নামবেন, ওই ঘটনার রেশ কি একটু হলেও থাকবে না দুজনের ওপর?
.
0 Comments