
রিয়ালে ফিরেই কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছেন করিম বেনজেমার কাছ থেকে কী চান তিনি। ফরাসি স্ট্রাইকারের কাছে প্রত্যাশাটা একটু বেশিই ইতালিয়ান কোচের। কাল রিয়ালে ফেরার পর প্রথম সংবাদ সম্মেলনে আনচেলত্তি বললেন আরও বেশি গোল চান তিনি, ‘বেনজেমাকে ৫০ গোল করতে হবে, ৩০ গোল করলে হবে না।’নতুন কোচ যেদিন নতুন লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন, সেদিনই ফ্রান্সের জার্সিতে
ফেরা হয়েছে বেনজেমার। ছয় বছর পর খেলা আন্তর্জাতিক ম্যাচটা অবশ্য সুখকর
হয়নি, ওয়েলসের বিপক্ষে ইউরোর প্রস্তুতি ম্যাচে যে পেনাল্টি থেকে গোল করতে
ব্যর্থ হয়েছেন বেনজেমা। তবে দুর্ভাগাই বলতে হবে বেনজেমাকে। পুরো ম্যাচেই
অসাধারণ খেলা ফরোয়ার্ড অল্পের জন্যই আরও দুবার গোলের খাতায় নাম তুলতে
পারেননি।
তাঁর দল ফ্রান্স অবশ্য জিতেছে। গ্যারেথ বেলের ওয়েলসকে
হারিয়েছে ৩-০ গোলে। গোল পেয়েছেন আক্রমণের বড় তিন নাম কিলিয়ান এমবাপ্পে,
আঁতোয়ান গ্রিজমান ও উসমান দেম্বেলে।

সতীর্থকে ব্ল্যাকমেল করার অভিযোগে জাতীয় দলে থেকে নির্বাসনে যাওয়ার আগে জাতীয় দলের হয়ে খেলা সর্বশেষ ম্যাচে জোড় গোল পেয়েছিলেন বেনজেমা। সেই বেনজেমা কাল ওয়েলসের বিপক্ষে গোল পেতে পারতেন ম্যাচের চার মিনিটেই। ওয়েলশ গোলরক্ষক ড্যানি ওয়ার্ড বাঁচিয়ে দেন বেনজেমার হেড।
২৫ মিনিটে দলকে পেনাল্টি এনে দেন বেনজেমা। বেনজেমার শট গোলের সামনে হাত দিয়ে আটকে দেন ওয়েলশ ডিফেন্ডার নিকো উইলিয়ামস। পেনাল্টি উপহার দেওয়ার পাশাপাশি লাল কার্ডও দেখেন লিভারপুল ডিফেন্ডার। বেনজেমার নেওয়া শট ডান পাশে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ওয়ার্ড।
বিরতির ১০ মিনিট আগে এগিয়ে যায় ফ্রান্স। আদ্রিয়াঁ রাবিওর শট ওয়ার্ড ফিরিয়ে দিলেও সামনে থাকা এমবাপ্পে গোল পেয়ে যান। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। ৭৯ মিনিটে জাতীয় দলের হয়ে নিজের চতুর্থ গোলটি পেয়ে যান দেম্বেলে। এই গোলটিও লেখা হতে পারত বেনজেমার নামে। তাঁর শট সাইড পোস্টে লেগে চলে যায় দেম্বেলের কাছে।
0 Comments